
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে নিখোঁজের সাত দিন পেরিয়ে গেলেও এখনো সন্ধান মেলেনি স্কুলছাত্রী মুনিয়া আক্তারের। তাকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
নিখোঁজ মুনিয়া আক্তার নগরীর ধান গবেষণা রোড এলাকার বাসিন্দা মোহাম্মদ হোসেনের মেয়ে এবং নগরীর এআরএস স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।
পরিবারের সদস্যরা জানান, গত শুক্রবার বিকেলে নগরীর ধান গবেষণা রোড এলাকা থেকে মুনিয়া নিখোঁজ হয়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
মুনিয়ার স্বজনদের অভিযোগ, বরিশাল সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফিরোজের ভাতিজা নয়ন তাদের মেয়েকে অপহরণ করেছে।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। তবে অভিযোগ দেওয়ার সাত দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মুনিয়ার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বজনরা।
পরিবারের সদস্যরা জানান, মেয়েকে উদ্ধারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। তাকে উদ্ধারে পুলিশ কাজ করছে।”
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং সম্ভাব্য সব দিক বিবেচনায় নিয়ে অনুসন্ধান অব্যাহত রয়েছে।