বরিশালে হানিফ পরিবহনের বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলচালক নিহত
- প্রকাশের সময়: 02:12:07 am, Saturday, 17 October 2026
- / 24 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অপু মাঝি (২৬) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
শুক্রবার (১৬ অক্টোবর) সকাল ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত অপু মাঝি উপজেলার কটকস্থল গ্রামের ছালেক মাঝির ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ রোমান জানান, প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই চালক অপু মাঝির মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় বাসটি আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
























