লক্ষ্মীপূজাকে ঘিরে বরিশালে জমজমাট পূজাসামগ্রীর বাজার
- প্রকাশের সময়: 02:40:30 am, Sunday, 25 October 2026
- / 19 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব লক্ষ্মীপূজাকে ঘিরে বরিশাল নগরীতে জমে উঠেছে পূজাসামগ্রীর বাজার। কলাগাছের ড্যাম, কলার খোল, ধান, দুর্বা, বেলপাতা ও পদ্মফুলসহ বিভিন্ন উপকরণ কিনতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। উৎসবকে সামনে রেখে এসব সামগ্রী বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন গ্রাম থেকে আসা মৌসুমি ব্যবসায়ীরাও।
শনিবার নগরীর স্বরোড সড়কে মমতাজ মজিদ মাধ্যমিক বিদ্যালয়ের সামনে গিয়ে দেখা যায়, সড়কের পাশে অস্থায়ীভাবে বসেছে পূজাসামগ্রীর বাজার। সেখানে সারি সারি করে বিভিন্ন উপকরণ সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ক্রেতাদের আনাগোনায় বাজারে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।
পূজার সামগ্রী কিনতে আসা গোপাল সরকার বাসসকে বলেন, “মা লক্ষ্মীর আরাধনায় ব্যবহৃত হবে এসব সামগ্রী। এর মাধ্যমে মৌসুমি ব্যবসায়ীরা কিছু অর্থ উপার্জন করে স্বাবলম্বীও হবেন। তাই পূজার সামগ্রী নিতে এলাম। লক্ষ্মীপূজায় ব্যবহৃত উপকরণ তুলনামূলক কম দামে কিনলাম।”
বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের অর্জুন মাঝি গ্রাম থেকে ১৪ জন ব্যবসায়ী পূজার বিভিন্ন উপকরণ নিয়ে নগরীতে এসেছেন। তাঁদের মধ্যে রয়েছেন দীপক বেপারী, সুশীল বেপারী, রবিন করাতী, সমীর মাল, নিমাই শিকদার ও আশিক গাইনসহ অন্যরা।
ব্যবসায়ী ঝন্টু বেপারী বলেন, প্রতি বছর লক্ষ্মীপূজার সময় তাঁরা এক দিনের জন্য নগরীতে এসে পূজার সামগ্রী বিক্রি করেন। আরেক বিক্রেতা আশিক গাইন জানান, গত পাঁচ বছর ধরে তিনি এ ব্যবসার সঙ্গে যুক্ত। তিনিও বছরে একবার লক্ষ্মীপূজার সময় নগরীতে এসে বিভিন্ন উপকরণ বিক্রি করেন।
বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, ধান, অশোক, মানকচু, হলুদ ও আফান একসঙ্গে ২০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া বেলপাতা ১৫ টাকা, কলাগাছের ড্যাম ২০০ টাকা, কলার খোল ২০ টাকা, নলথুরি ফুল ২০ টাকা, সুপারি ৩৫ টাকা, কলাপাতা ১০ টাকা, কেওড়া ফুল ১০ টাকা, আমপাতা ১০ টাকা, দুর্বা ১০ টাকা, তুলসীপাতা ১০ টাকা এবং পদ্মফুল ২০ টাকায় বিক্রি হচ্ছে।
বরিশাল মহানগর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সাহা বাসসকে বলেন, লক্ষ্মীপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এ পূজাকে ঘিরে ভক্তদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনে বিভিন্ন উপকরণের প্রয়োজন হয়। তাই উৎসবকে কেন্দ্র করে নগরীর বাজারগুলোতে এসব সামগ্রীর কেনাবেচা বেড়েছে।
লক্ষ্মীপূজা উপলক্ষে নগরীর বিভিন্ন বাসাবাড়িতে চলছে পূজার প্রস্তুতি। পূজার উপকরণ কেনাবেচাকে ঘিরে অস্থায়ী বাজারগুলোতে তৈরি হয়েছে উৎসবের আমেজ।
























