বরিশালে ২০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
- প্রকাশের সময়: 02:07:44 pm, Monday, 19 October 2026
- / 327 Time View

নিজেস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীতে ২০০ পিস ইয়াবা ও একটি স্মার্টফোনসহ নয়ন (২৫) ও মুক্তা আক্তার (২৯) নামে দুজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। সোমবার (১৯ অক্টোবর) সকাল ৭টার দিকে নগরীর বিএম কলেজ রোডের তালভিটা লেন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ খোরশিদ আলম।
ডিএনসির বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, বরিশালের দেওয়া তথ্য অনুযায়ী, কোতোয়ালি মডেল থানাধীন বিসিসির ১৯ নম্বর ওয়ার্ডের তালভিটা লেনের কাশেম মহলের সামনে পাকা সড়কে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা ও একটি ইনফিনিক্স ব্র্যান্ডের স্মার্টফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার নয়ন ও মুক্তা সম্পর্কে স্বামী-স্ত্রী। তাঁদের স্থায়ী ঠিকানা বরিশাল সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডের লুৎফর রহমান সড়কের ব্লক-এ, প্রথম লেন এলাকায়। তাঁরা বর্তমানে বিএম কলেজ রোডের তালভিটা লেনের কাশেম মহলে ভাড়া থাকতেন বলে ডিএনসির তথ্যসূত্রে জানা গেছে।
ডিএনসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের হয়েছে।























