তিন মাসের মধ্যে একনেকে উঠতে পারে ভাঙ্গা-বরিশাল চার লেন প্রকল্প
- প্রকাশের সময়: 02:00:38 am, Saturday, 24 October 2026
- / 18 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আগামী তিন মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদনের জন্য উপস্থাপিত হতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) কুয়াকাটায় দুই দিনব্যাপী পর্যটন কার্নিভাল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে। একই সঙ্গে বরিশাল-কুয়াকাটা সড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।
পরিকল্পনা প্রতিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার মাস্টারপ্ল্যানের আওতায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গ্রহণ করছে। এর ফলে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমবে বলে আশা করা হচ্ছে।
মতবিনিময় সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






















