বরিশাল কাউনিয়ায় ছেলের বিরুদ্ধে বাবার চুরির মামলা
- প্রকাশের সময়: 10:02:33 am, Sunday, 18 October 2026
- / 129 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া কমিশনার গলিতে নিজ ঘরের ওয়ারড্রব ভেঙে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির অভিযোগ উঠেছে এক কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় ওই কিশোরের তিন সহযোগীসহ অজ্ঞাতনামা আরও এক থেকে দুজনের বিরুদ্ধে কাউনিয়া থানায় চুরির মামলা করেছেন তার বাবা সৈয়দ সোহাগ (৫৫)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ অক্টোবর সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টার মধ্যে কাউনিয়া থানাধীন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) ১ নম্বর ওয়ার্ডের কমিশনার গলিতে সৈয়দ সোহাগের বসতঘরের ওয়ারড্রব ভেঙে এক ভরি ওজনের এক জোড়া স্বর্ণের রুলি ও নগদ ৩ হাজার ৫০০ টাকা চুরি হয়। চুরি যাওয়া স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী সৈয়দ সোহাগ জানান, তাঁর ছেলে সৈয়দ রিফাত (১৬) ওয়ারড্রব ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে বলে জানতে পেরে তিনি ছেলেকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে ছেলে চুরির ঘটনা স্বীকার করে বলে দাবি করেন তিনি। সোহাগের ভাষ্য অনুযায়ী, স্বর্ণের রুলি বিক্রির জন্য প্রথমে রিফাতের বন্ধু মো. শাওন হাওলাদারের (১৬) কাছে দেওয়া হয়। পরে শাওন ওই স্বর্ণালংকার কাউনিয়ার মনসাবাড়ি গলির সানজিদের (৩০) কাছে এবং সানজিদ বিশ্বজিতের (২৫) কাছে বিক্রির জন্য দেন বলে তাঁর ছেলে জানায়।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, “ঘটনাটি জানার পর সংশ্লিষ্ট সবাইকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
























