ঝালকাঠির রাজাপুরে ১৪৪ ধারা জারি - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 01:46:15 am, Saturday, 24 October 2026
- / 22 Time View

নিজস্ব প্রতিবেদক, ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের ঘোষণা দিয়েছে দুটি পক্ষ। একই সময় ও একই স্থানে কর্মসূচি আহ্বান করায় উত্তেজনা এবং জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গালুয়া বাজার ও আশপাশের এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি স্বাক্ষরিত এক জরুরি আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৭ অক্টোবর ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামালের একটি ডিও লেটারের মাধ্যমে গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি পৃথক ইউনিয়নে রূপান্তর এবং রাজাপুর উপজেলা সদরের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড নিয়ে একটি পূর্ণাঙ্গ পৌরসভা গঠনের প্রস্তাব দেওয়া হয়।
এই প্রস্তাবকে কেন্দ্র করে গালুয়া ইউনিয়ন অখণ্ড রাখার দাবিতে একটি পক্ষ এবং ইউনিয়ন বিভক্তির সমর্থনে আরেকটি পক্ষ কর্মসূচি ঘোষণা করে। একই দিনে একই স্থানে দুই পক্ষের মানববন্ধন আয়োজনের ঘোষণায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।
রাজাপুর থানা পুলিশের তথ্যের ভিত্তিতে জারি করা আদেশে বলা হয়, শুক্রবার বিকেল ৩টায় গালুয়া বাজারে পৃথক মানববন্ধন আয়োজনের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সভা-সমাবেশ, মিছিল, রাজনৈতিক জমায়েত, মাইক বা শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার এবং লাঠিসোঁটাসহ যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি সেবার ক্ষেত্রে এ নির্দেশ প্রযোজ্য হবে না।
রাজাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহ আলম জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে গালুয়া বাজার ও আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।
জারি করা আদেশের অনুলিপি ঝালকাঠির জেলা ম্যাজিস্ট্রেট, জেলা পুলিশ সুপার এবং রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কার্যালয়ে পাঠানো হয়েছে।






















