
বরিশাল: চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল-এর দুই সহ-সভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত অনুমোদন করেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।
একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ রয়েছে, গত ১৯ মে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক-এ পোনামাছবাহী গাড়ি আটকে লাখ টাকা চাঁদাবাজি করেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। এছাড়া আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে গাড়ি ভাঙচুর ও চালককে মারধরের ঘটনাও ঘটে।
এ ঘটনায় বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সভাপতি মিয়া বাবুল, মো. মিঠু, আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, ইমরান মাহমুদ, শাখাওয়াত, সহ-সাংগঠনিক সম্পাদক হায়দার মুন্সি ও শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ঘটনার পর কেন্দ্রীয় ছাত্রদল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় তলব করে। এর পরদিনই দুই নেতার বিরুদ্ধে বহিষ্কারাদেশ দেওয়া হয়।