বরিশাল নগরীতে ৯৬০ পিস ইয়াবাসহ ময়মনসিংহের নারী গ্রেপ্তার
- প্রকাশের সময়: 07:23:19 am, Thursday, 20 August 2026
- / 170 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ৯৬০ পিস ইয়াবাসহ মোসা. সুমি আক্তার (৩৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর বৌবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পলাশপুর বৌবাজারের ‘শান্ত নীড়’ নামের একটি দোতলা ভবনের সামনের কাঁচা রাস্তায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এ সময় সুমি আক্তারকে আটক করে তল্লাশি চালানো হয়। তার কাছ থেকে হালকা কমলা রঙের ৯৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার সুমি আক্তার ময়মনসিংহের নান্দাইল মডেল থানার শেরপুর এলাকার বাসিন্দা। তিনি সাবেক ইউপি সদস্য ইছাহাক আলীর পুত্রবধূ। তার স্বামীর নাম মাজাহারুল ইসলাম।
পুলিশ জানিয়েছে, উদ্ধার করা ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বরিশালে মাদকবিরোধী অভিযান জোরদার
নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

























