বরিশাল সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্স এখন অনলাইনে, ঘরে বসেই দেওয়া যাবে কর
- প্রকাশের সময়: 02:50:46 am, Monday, 7 September 2026
- / 617 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) হোল্ডিং ট্যাক্স কার্যক্রম এখন অনলাইনভিত্তিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক সেবা আরও স্বচ্ছ, দ্রুত ও আধুনিক করার লক্ষ্যে কর ধার্য ও কর আদায় শাখা এবং অ্যাসেসমেন্ট কার্যালয়ে ল্যাপটপসহ প্রয়োজনীয় আধুনিক সরঞ্জাম দেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এসব সরঞ্জাম সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
বরিশাল সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আহসান উদ্দিন রোমেল জানান, হোল্ডিং ট্যাক্স কার্যক্রম অনলাইনভিত্তিক করার ফলে নগরবাসী ঘরে বসেই অনলাইনে তাদের হোল্ডিং ট্যাক্স পরিশোধ করতে পারবেন।
নাগরিকদের হয়রানি কমানো এবং কর প্রদানের প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করাই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময়
এদিকে দুপুর ১টার দিকে নগর ভবনের তৃতীয় তলায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন হাজী মোহাম্মদ মহসিন হকার্স মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় মার্কেটের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন, অবকাঠামোগত সুবিধা এবং ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন
এর আগে সকালে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকার খন্দকার হাবিবুর রহমান লেনের সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি ওই এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা পর্যালোচনা করেন এবং জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।
পাশাপাশি সড়ক সংস্কারের কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন তিনি।

























