নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরিবারের অমতে প্রেমের সম্পর্কের সূত্র ধরে বিয়ে করেছিলেন ১৬ বছরের কিশোরী লাবনী আক্তার। স্বপ্ন ছিল স্বামীকে নিয়ে সুখের সংসার গড়ার। তবে বিয়ের মাত্র নয় মাসের মাথায় সেই স্বপ্ন থেমে গেল করুণ পরিণতিতে। বিষপানের পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। লাবনীর পরিবারের অভিযোগ, স্বামী ও তার পরিবারের নির্যাতন-মানসিক যন্ত্রণার কারণেই তিনি বিষপান করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় লাবনী আক্তারের মৃত্যু হয়। তিনি বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ভুরঘাটা গ্রামের হাসমত আলী খানের মেয়ে। তার স্বামী রিফাত ঘরামী মাদারীপুরের কালকিনি উপজেলার গোপালপুর গ্রামের আমজেদ আলী ঘরামীর ছেলে।
লাবনীর মা রাজিয়া সুলতানা অভিযোগ করেন, বিয়ের পর থেকেই রিফাত ও তার পরিবারের সদস্যদের নির্যাতনের কারণে লাবনী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। একপর্যায়ে তিনি বিষপান করেন।
পরিবারের সদস্যরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে বিষপান করা অবস্থায় লাবনী তাদের বাড়ির সামনে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
লাবনীর স্বজনদের অভিযোগ, এটি নিছক আত্মহত্যার ঘটনা নয়। দীর্ঘদিনের নির্যাতন ও মানসিক চাপ তাকে এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে রিফাত ঘরামীর ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিক হাসান রাসেল বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/