ঝালকাঠিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 04:47:50 am, Tuesday, 11 August 2026
- / 215 Time View

শুভ,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা করতে গিয়ে আক্কাস খান (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে জসিম খান (৩২) গুরুতর আহত হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোবিন্দপুর গ্রামের জসিম খানের সঙ্গে প্রতিবেশী সজল খানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে উত্তেজনাও ছিল।
রোববার বিকেলে বাড়ির সামনের সড়কে জসিম খানকে একা পেয়ে সজল খান, তাঁর বাবা সেলিম খান ও ভাই শফিক খানসহ কয়েকজন হামলা চালান বলে অভিযোগ রয়েছে। জসিমের চিৎকার শুনে তাঁর বাবা আক্কাস খান ছেলেকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা তাঁকেও কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেন বলে স্বজনদের অভিযোগ।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় বাবা ও ছেলেকে উদ্ধার করে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে আক্কাস খানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে রাত সাড়ে ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
অন্যদিকে গুরুতর আহত জসিম খানকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক তথ্য অনুযায়ী, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে আক্কাস খানের মৃত্যু হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে গেছে। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আক্কাস খানের মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের স্বজন ও স্থানীয়রা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

























