
ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা, পশুপ্রেমী ও পরিবেশবাদীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নুরুল ইসলামের নেতৃত্বে একদল ব্যক্তি শিয়ালটি হত্যা করে। পরে ‘নাইম রাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে জবাই করা শিয়ালের ছবিসহ মাংস বিক্রির একটি পোস্ট প্রকাশ করা হয়।
পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের পাশাপাশি বিভিন্ন পশুপ্রেমী সংগঠন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। তারা অভিযোগ করেন, দেশের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন লঙ্ঘন করে প্রকাশ্যে বন্যপ্রাণী হত্যা ও তার মাংস বিক্রির প্রচারণা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে বরিশাল বিভাগীয় বন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “বিষয়টি আমি জেনেছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে লোক পাঠানো হবে।”
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইন প্রয়োগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সক্রিয় ভূমিকার দাবি আরও জোরালো হয়েছে।