বরিশাল নগরীতে নিজ ঘরে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মোসা. ময়না (৩০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, স্বামীর অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘদিন মানসিক নির্যাতনের শিকার হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তবে পুলিশ বলছে, অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।
শনিবার (৪ জুলাই) সকালে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত ময়না ওই এলাকার বাসিন্দা মো. রুবেলের দ্বিতীয় স্ত্রী এবং দুই সন্তানের জননী।
নিহতের ছোট বোন সাথী জানান, শুক্রবার সন্ধ্যায় মোবাইল ফোনে বোনের সঙ্গে তার শেষ কথা হয়েছিল। তখন ময়না অভিযোগ করেন, তার স্বামী তাকে দুই ব্যক্তির সঙ্গে কুয়াকাটায় যেতে চাপ দিচ্ছিলেন। কিন্তু তিনি এতে রাজি হননি।
সাথীর দাবি, শুক্রবার রাতেই ওই দুই ব্যক্তি তাদের বাসায় আসেন। এ ঘটনাকে কেন্দ্র করে ময়নাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। পরে শনিবার ভোরে তিনি জানতে পারেন, তার বোনের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, স্বামীর অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করতে অস্বীকৃতি জানানোয় চরম মানসিক চাপে পড়ে ময়না আত্মহত্যা করেন।
এ বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজিত চন্দ্র নাথ বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। তবে স্বামীর অনৈতিক প্রস্তাবের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।