বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে এক সেবাগ্রহীতার পকেট থেকে চুরি হওয়া ৫ হাজার টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। পরে উদ্ধার হওয়া টাকা প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে হাসপাতালের ওটিপি ভবনের নিচতলায় ওষুধ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, ওষুধ কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকা এক সেবাগ্রহীতার পকেট থেকে এক ব্যক্তি ৫ হাজার টাকা নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি দায়িত্বরত আনসার সদস্য মো. মাহমুদের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পিসি নাগর আলীকে অবহিত করেন। পরে তার নেতৃত্বে আনসার সদস্যরা অভিযান চালিয়ে আরিফ জোমাদ্দার (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেন।
আটক আরিফ জোমাদ্দার বরিশাল সদর উপজেলার রূপাতলী এলাকার উকিল সড়কের বাসিন্দা এবং দুলাল জোমাদ্দারের ছেলে।
আনসার সদস্যরা তার কাছ থেকে চুরি হওয়া ৫ হাজার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন। পরে হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতিক্রমে আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হাসপাতালসহ বিভিন্ন জনসেবামূলক প্রতিষ্ঠানে নিরাপত্তা নিশ্চিত এবং অপরাধ প্রতিরোধে বাহিনীর সদস্যরা নিয়মিত দায়িত্ব পালন করছেন। শেবাচিম হাসপাতালে এ ঘটনাকে তাদের দায়িত্ব পালনের একটি সফল উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়েছে।