বরিশালের মুলাদী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ জাহিদ বেপারী (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় বরিশাল সূত্রে জানা যায়, শনিবার (৪ জুলাই) সকাল ৮টা ৪৫ মিনিটে মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জাহিদ বেপারীর তিন কক্ষবিশিষ্ট টিনশেড বসতঘরের প্রবেশ কক্ষ থেকে তাকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের বাম পকেটে থাকা একটি লেদারের মানিব্যাগ থেকে পলিথিনে মোড়ানো ১৫০ পিস মিথাইল অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট (মোট ওজন ১৫ গ্রাম) উদ্ধার করা হয়। একই মানিব্যাগ থেকে ২ হাজার ৫০০ টাকা নগদও জব্দ করা হয়।
আটক জাহিদ বেপারী মুলাদী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি এলাকার বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জানান, এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মুলাদী থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।