বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
- প্রকাশের সময়: 06:55:50 am, Thursday, 25 June 2026
- / 209 Time View

বরিশাল নগরীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সফিক গাজী (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ডের মুসলিম গোরস্থান রোডের ধোপাবাড়ি এলাকার পুরাতন বেকারির মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সফিক গাজী বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার কুটিখালী গ্রামের মো. খালেক গাজীর ছেলে।
বিএমপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সফিক গাজীর কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
এ ঘটনায় ডিবি পুলিশের পক্ষ থেকে বাদী হয়ে বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিকে কোতোয়ালী মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

























