বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশালের গৌরনদীতে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগে লামিয়া আক্তার (১৯) নামে এক নারীকে গাঁজাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গৌরনদী পৌরসভার টরকী বাসস্ট্যান্ড সংলগ্ন একটি চাতাল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক লামিয়া উপজেলার সালতা গ্রামের সামছুল হক বেপারীর মেয়ে।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম জানান, দুপুর সাড়ে ১২টার দিকে তারা টরকী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থানকালে প্রকাশ্যে মাদক বিক্রির খবর পান। পরে থানা পুলিশকে অবহিত করে ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে অভিযানে যান।
তাদের দাবি, অভিযানের সময় ছাত্রদলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক ক্রেতা পাশের খালে লাফিয়ে পালিয়ে যায়। তবে ঘটনাস্থল থেকে লামিয়া আক্তারকে আটক করা হয় এবং তার কাছ থেকে ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ছাত্রদল নেতারা আরও অভিযোগ করেন, অভিযানের সময় স্থানীয় একটি প্রভাবশালী মাদক চক্র তাদের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে। তবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ওই চক্রের সদস্যরা সেখান থেকে সরে যায়।
অন্যদিকে আটক লামিয়া আক্তার দাবি করেছেন, তিনি মাদক ব্যবসার সঙ্গে জড়িত নন। চাতালের পাশের একটি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানান তিনি।
গৌরনদী মডেল থানার এসআই সৌমেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আটক নারীর কাছ থেকে ২১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাকে থানায় রাখা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলা শেষে তাকে আদালতে পাঠানো হবে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।