বরিশালে সক্রিয় কিশোর গ্যাং, সশস্ত্র মহড়ায় নগরজুড়ে আতঙ্ক
- প্রকাশের সময়: 06:57:43 am, Sunday, 21 June 2026
- / 460 Time View

বরিশাল নগরীতে একাধিক কিশোর গ্যাং গ্রুপের সদস্যদের প্রকাশ্য সশস্ত্র মহড়াকে কেন্দ্র করে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত কয়েকদিন ধরে নগরীর বেলস পার্কসংলগ্ন এলাকা এবং আশপাশের বিভিন্ন সড়কে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিতে দেখা গেছে কয়েকটি গ্রুপকে। এসব ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালিজিরা নদীর তীরবর্তী এলাকা থেকে চরবাড়িয়া পর্যন্ত বিভিন্ন এলাকায় এসব কিশোর গ্যাংয়ের তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। ভিডিও ফুটেজে দেখা যায়, পৃথক কয়েকটি গ্রুপ দেশীয় অস্ত্র হাতে সড়কে মহড়া দিচ্ছে এবং নানা ধরনের শক্তি প্রদর্শন করছে। এ সময় পথচারীদের মধ্যে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, এসব কিশোর গ্যাংয়ের সঙ্গে স্কুল-কলেজপড়ুয়া কিছু শিক্ষার্থীও জড়িয়ে পড়ছে। এলাকাভিত্তিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা অস্ত্রের মহড়া দেয় এবং মোটরসাইকেলের বহর নিয়ে নগরীর বিভিন্ন এলাকায় শোডাউন করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কিশোর গ্যাংয়ের সদস্যরা মাদক ব্যবসা, ইভটিজিং, চুরি, ছিনতাই এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। নগরীর বিনোদনকেন্দ্রগুলোতে পর্যটক ও সাধারণ মানুষের সঙ্গে অসদাচরণ এবং উচ্চ শব্দে মোটরসাইকেল চালিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
নগরবাসীর আশঙ্কা, সময়মতো এসব গ্যাং নিয়ন্ত্রণ করা না গেলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্রের মহড়ার ভিডিও পুলিশের নজরে আসার পরপরই অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই নেতা অলি ও মারুফকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি বলেন, “ভিডিওগুলো পর্যালোচনা করে জড়িত অন্যদের শনাক্ত করা হচ্ছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, দ্রুতই সবাইকে আইনের আওতায় আনা হবে।”
পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাং দমনে বিশেষ নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।

























