বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বিচারিক কার্যক্রমে গতিশীলতা বৃদ্ধি, মামলার জট কমানো এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে বরিশালে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) বিকেল সাড়ে ৩টায় বরিশাল চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে বিচার বিভাগ, পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, র্যাব ও অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বিচারপ্রার্থীদের ভোগান্তি কমানো, মামলার বিচার দ্রুত সম্পন্ন করা এবং বিচার ব্যবস্থাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন বরিশালের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাহিদুল আজাদ। তিনি আদালতে সাক্ষীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত করা, মেডিকেল সার্টিফিকেটসহ প্রয়োজনীয় প্রতিবেদন নির্ধারিত সময়ে দাখিল এবং বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বিচার বিভাগের পাশাপাশি পুলিশ, র্যাব, সিভিল সার্জন কার্যালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে কার্যকর সমন্বয় প্রতিষ্ঠার মাধ্যমে মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল করা সম্ভব। একই সঙ্গে বিচারাধীন মামলাগুলোর অগ্রগতি পর্যালোচনা করে বিদ্যমান প্রতিবন্ধকতা চিহ্নিত করে তা দূর করার আহ্বান জানান তিনি।
কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন বরিশাল বিদ্যুৎ আদালতের স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) এস এম মাহফুজ আলম, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. নাহিদ হোসেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান, মো. ফজলুর রহমান, সিভিল জজ সাব্বির মো. খালিদ, সিভিল জজ আরিফা আফরিন আঁখি, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আফসানা শারমিন ইভা, আয়শা আক্তার, সৈয়দ আবিদুল হক, আবদুল্লাহ আল সায়েমসহ বিচার বিভাগের বিভিন্ন কর্মকর্তা।
এছাড়া বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আলাউল হাসান, সিভিল সার্জন ডা. এস এম মঞ্জুর-এ-এলাহী, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. মাহামুদ হাসান, শের-ই-বাংলা মেডিকেল কলেজের লেকচারার ডা. অনীক নিলয়, সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক তানভীর হোসেন খান, বিএসটিআইর পরিদর্শক ইয়াসিন আরাফাত, বরিশাল জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) র্যাব-৮ এবং বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কনফারেন্সের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. তারিকুল ইসলাম।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।