বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকায় মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক যুবককে কুপিয়ে জখমের ঘটনায় চিহ্নিত মাদক কারবারি জাকির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে হামলায় ব্যবহৃত একটি রামদা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানা পুলিশ চরমোনাই ইউনিয়নের গীলাতলী আশ্রয়ণ প্রকল্প এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, গত শনিবার সকাল ৯টার দিকে গীলাতলী আশ্রয়ণ প্রকল্পের সামনে প্রকাশ্যে রমেশ ওরফে অমনি নামের এক যুবকের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত হন তিনি।
আহত রমেশের অভিযোগ, অভিযুক্ত জাকির হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি বিভিন্ন সময় ওই মাদক কারবারে বাধা দিয়ে আসছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে ঘটনার আগের রাতে জাকির তাকে ইয়াবা দিয়ে প্রভাবিত ও ম্যানেজ করার চেষ্টা করেন। কিন্তু তিনি রাজি না হওয়ায় পরদিন সকালে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করেন।
পরে স্থানীয়রা রমেশকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “এ ঘটনায় আহত ব্যক্তি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলার প্রধান অভিযুক্ত জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে একটি রামদা উদ্ধার করা হয়েছে। এছাড়া পূর্বেও তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।”
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে এবং আইনি কার্যক্রম চলমান রয়েছে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।