বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল জেলার উজিরপুর উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য, ওষুধ ও নকল প্রসাধনী বিক্রির দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৫ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ডাবেরকুল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমী রাণী মিত্রের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন দোকানে তদারকি করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য ও ওষুধ সংরক্ষণ এবং বিক্রির দায়ে খান সুপার শপ-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে আঃ রব মেডিসিন কর্নার-কে ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া ভোক্তাদের সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে নকল প্রসাধনী বিক্রির অভিযোগে তন্নি কসমেটিকস-কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উজিরপুর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক এস এম ইলিয়াস উদ্দিন। আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করে উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল।
অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার তদারকি কার্যক্রম আরও জোরদার করা হবে। মেয়াদোত্তীর্ণ খাদ্য ও ওষুধ বিক্রি, নকল পণ্য বাজারজাতকরণ এবং ভোক্তাদের সঙ্গে প্রতারণামূলক যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।