বরিশাল ও বিশ্বকাপ ঘিরে সর্বশেষ আপডেট পড়ুন এখনই।

বরিশাল নগরীর একটি বেসরকারি ক্লিনিকের এসির ভেতর থেকে প্রায় চার ফুট লম্বা একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি জানাজানি হলে ক্লিনিকজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
রোববার (১৪ জুন) বিকেল পৌনে ৪টার দিকে নগরীর সাগরদী এলাকায় অবস্থিত ‘বরিশাল মেডিকেল সার্ভিস’ ক্লিনিকের একটি এসি থেকে সাপটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বন্যপ্রাণী উদ্ধারকারী সংগঠন ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা।
ক্লিনিকের মালিক ও পটুয়াখালী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস এম আবুল হাসান জানান, ক্লিনিকের একটি এসি খুলে বাসায় নেওয়ার জন্য টেকনিশিয়ানরা কাজ করছিলেন। এসির কভার খুলতেই ভেতরে সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে সেখান থেকে ‘এনিমেল লাভার্স অব পটুয়াখালী’র সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
খবর পেয়ে সংগঠনটির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় এসির ভেতর থেকে সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
এনিমেল লাভার্স অব পটুয়াখালীর পরিচালক আসাদুল্লাহ হাসান মুসা বলেন, “দুপুর ২টা থেকে টানা প্রায় দুই ঘণ্টা অভিযান চালিয়ে চার ফুট দীর্ঘ একটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। ক্লিনিকের পেছনে ঝোপ-ঝাড় থাকায় সেখান থেকে এসির পাইপ বা দেয়ালের ফাঁকা অংশ দিয়ে সাপটি ভেতরে ঢুকে থাকতে পারে।”
তিনি আরও জানান, ক্লিনিকের কয়েকজন কর্মচারী দুটি সাপ দেখার দাবি করলেও উদ্ধার অভিযানে একটি সাপই পাওয়া গেছে। উদ্ধার হওয়া সাপটি পূর্ণবয়স্ক হলেও এটি মানুষের জন্য প্রাণঘাতী নয়। পরে সাপটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত ৭ ও ৮ জুন বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ডিআইজির কক্ষ থেকে দুই জোড়া, অর্থাৎ চারটি কালনাগিনী সাপ উদ্ধার করেছিলেন একই সংগঠনের সদস্যরা। সাম্প্রতিক সময়ে বরিশালে বিভিন্ন স্থানে সাপ উদ্ধারের ঘটনা স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
এই খবর সম্পর্কে আপনার মতামত নিচে কমেন্ট করুন এবং শেয়ার করুন।