
বরিশালে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সম্রাট হাওলাদার নামের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ অক্টোবর ২০২৫) দুপুরে নগরীর কেডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সম্রাট বরিশাল সিটি কর্পোরেশনের ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক আহ্বায়ক ছিলেন। তাকে জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্রাটের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে হামলা, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়াসহ একাধিক মামলা রয়েছে।
সব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্রাট হাওলাদার দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন এবং গোপনে এলাকায় অবস্থান করছিলেন। সম্প্রতি বরিশাল মহানগর এলাকায় তার দেখা মেলায় পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।