ময়মনসিংহের বাবা-ছেলের প্রতারণার ফাঁদে ঝালকাঠির শিক্ষার্থীর পরিবার, থানায় অভিযোগ - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 11:33:54 am, Thursday, 3 September 2026
- / 490 Time View

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ময়মনসিংহের এক তরুণের বিরুদ্ধে বিদেশে অধ্যয়নরত ঝালকাঠির এক শিক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিভিন্ন সময়ে অর্থ নেওয়া, মারধর, ভয়ভীতি প্রদর্শন, ৫ লাখ টাকা দাবি এবং টাকা না দিলে ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। একই সঙ্গে ওই শিক্ষার্থীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে মানহানিকর পোস্ট করারও অভিযোগ করেছেন তার পরিবার।
এ ঘটনায় শিক্ষার্থীর বাবা মো. ইসহাক আলী সিকদার (৫৭) বরিশাল মহানগরীর কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ইমতিয়াজ আহমেদ তারেক (২২), তার বাবা মো. ইমদাদুল হক এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অভিযোগকারী মো. ইসহাক আলী সিকদার পেশায় একজন শিক্ষক। তিনি বর্তমানে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাসিন্দা।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ইসহাক আলী সিকদারের মেয়ে ইফাত জাহান শিফা প্রায় তিন বছর আগে উচ্চশিক্ষার উদ্দেশ্যে কিরগিজস্তানে যান। সেখানে অবস্থানকালে বাংলাদেশি শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ তারেকের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিফার বাবার অভিযোগ, ওই সম্পর্কের সুযোগ নিয়ে ইমতিয়াজ বিভিন্ন সময়ে শিফার কাছ থেকে ১০ থেকে ২০ হাজার টাকা করে এবং বিভিন্ন অঙ্কে অর্থ গ্রহণ করেন। অভিযোগকারীর দাবি, এসব আর্থিক লেনদেনের বিষয়টি ইমতিয়াজের পরিবারের সদস্যরাও জানতেন।
একপর্যায়ে ইমতিয়াজের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের কথা জানতে পেরে শিফা তার সঙ্গে সম্পর্ক রাখতে অস্বীকৃতি জানান এবং আর্থিক সহায়তা দেওয়া বন্ধ করে দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী পক্ষের দাবি, সম্পর্ক চালিয়ে যেতে অস্বীকৃতি এবং টাকা দেওয়া বন্ধ করায় ইমতিয়াজ ক্ষিপ্ত হয়ে শিফাকে মারধর করেন। একই সঙ্গে তার কাছে পুনরায় টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে বলা হয়েছে, টাকা দিতে অপারগতা প্রকাশ করলে শিফাকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা শুরু হয়। একপর্যায়ে বাংলাদেশে অবস্থানরত শিফার বাবা ইসহাক আলী সিকদারের মোবাইল ফোনেও যোগাযোগ করে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ইসহাক আলী সিকদারের আরও অভিযোগ, ইমতিয়াজ আহমেদ তারেক ও তার বাবা মো. ইমদাদুল হক তার কাছে ৫ লাখ টাকা দাবি করেন। দাবিকৃত টাকা না দিলে তার মেয়ে ইফাত জাহান শিফার ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারী পরিবারের দাবি, শুধু অর্থ দাবি নয়, ব্যক্তিগত ছবি পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে পাঠিয়ে দেওয়ার ভয়ও দেখানো হয়েছে। এতে শিফা ও তার পরিবার মানসিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলে জানিয়েছেন তার বাবা।
এদিকে অভিযোগকারী পরিবারের দাবি, ‘শিফা’ নামে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খোলা হয়েছে। ওই অ্যাকাউন্টে ইফাত জাহান শিফার ছবি ব্যবহার করে বিভিন্ন মানহানিকর ও আপত্তিকর পোস্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা।
পরিবারটির অভিযোগ, ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে শিফার সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে। ওই অ্যাকাউন্টটি কারা পরিচালনা করছে এবং এর সঙ্গে ইমতিয়াজ আহমেদ তারেক বা তার পরিবারের কোনো সদস্যের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে জানতে ইমতিয়াজের বাবা মো. ইমদাদুল হকের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমার ছেলে বিদেশে বসে কী করছে, তা আমি কীভাবে জানব?”
তবে অভিযোগকারী পরিবারের পক্ষ থেকে তার ছেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তাকে জানানোর পর কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি না—এ বিষয়ে তিনি স্পষ্ট কোনো উত্তর দেননি।এছাড়া ৫ লক্ষ টাকা চাওয়া কলরেকর্ড রয়েছে আমাদের কাছে।
অভিযোগকারী পরিবারের দাবি, অভিযোগ দায়েরের পর কাউনিয়া থানা থেকে ইমদাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজের পরিচয় গোপন করেন এবং ইমতিয়াজ নামে তার কোনো ছেলে নেই বলে দাবি করেন।
তথ্য অনুসারে ইমদাদুল হক পেশায় একজন সাবেক সেনা সদস্য ছিলেন এবং বর্তমানে তিনি অবসরপ্রাপ্ত।
বর্তমানে ইফাত জাহান শিফা বিদেশে অবস্থান করায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার বাবা। লিখিত অভিযোগে ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা যাচাই, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং তার মেয়ে ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

























