নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বিসিএস ক্যাডার শিক্ষকদের টানা সাত দিনের আন্দোলনের মুখে বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ পদে অধ্যাপক মো. আবুল কালাম আজাদের পদায়ন বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার উপসচিব এএসএম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, গত ২০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের ৮ নম্বর ক্রমিকে বিএম কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদকে একই কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়েছিল। তবে ‘প্রশাসনিক কারণে’ ওই পদায়ন বাতিল করা হলো।
ক্যাম্পাসে উত্তেজনা ও দুইপক্ষের হাতাহাতি পদায়ন বাতিলের কয়েক ঘণ্টা আগে বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে চরম উত্তেজনা দেখা দেয়। অধ্যাপক আজাদের পক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একদল শিক্ষার্থী প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর বিপরীতে বিসিএস ক্যাডার শিক্ষকদের পক্ষে আরেকদল শিক্ষার্থী অবস্থান নিলে দুইপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শিক্ষকরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের শান্ত করেন। এ সময় প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ শিক্ষকরা এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনকারীদের বক্তব্য এ বিষয়ে বিএম কলেজের সহকারী অধ্যাপক জহিরুল ইসলাম বলেন, “আমাদের আন্দোলন কোনো ব্যক্তির বিরুদ্ধে ছিল না। ক্যাডার শিক্ষকদের মর্যাদা রক্ষায় আমরা আন্দোলন করেছি। অধ্যাপক আবুল কালাম আজাদ ১০ শতাংশ কোটায় আসা নন-ক্যাডার শিক্ষক। ক্যাডার পদে নন-ক্যাডারদের পদায়নের বিরুদ্ধে ২০১৭ সাল থেকে আমরা আন্দোলন করে আসছি। পদায়ন বাতিল হওয়ায় আমরা সন্তুষ্ট।”
এ বিষয়ে বক্তব্য জানতে বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. তাজুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।
আরো পড়ুন:
সরকারি বিএম কলেজ বরিশাল ভর্তি : কোর্স, যোগ্যতা ও আবেদন নিয়মাবলি
https://slotbet.online/