বরিশাল নগরীর নতুনবাজার এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার ঘটনার বিচার এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নারীরা।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নতুনবাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ঝাড়ু হাতে অংশগ্রহণকারী নারীরা হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি নতুনবাজার মোড় থেকে মরকখোলার পুল এলাকা প্রদক্ষিণ করে। এ সময় কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া রেনু বেগম অভিযোগ করেন, গত ২৯ জুন রাতে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন, ছাত্রদল নেতা তামিম, সিরাজুল ইসলাম রাতুল ও শান্তর নেতৃত্বে তাদের রেস্টুরেন্টে হামলা চালানো হয়। হামলাকারীরা দোকান ভাঙচুরের পাশাপাশি তাকে ও তার বোনকে মারধর করে রাস্তায় ফেলে পিটিয়েছে। ঘটনার পরও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে অভিযোগ করেন তিনি।
আরেক বিক্ষোভকারী সালমা ইসলাম বলেন, নারীদের মারধর ও শ্লীলতাহানির মতো ঘটনা ঘটলেও এখন পর্যন্ত কোনো বিচার হয়নি। এমনকি অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত বিচার না হলে তারা আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিলে স্থানীয় নারীদের পাশাপাশি নতুনবাজার ও কাউনিয়া এলাকার বাসিন্দারাও অংশ নেন।
উল্লেখ্য, গত ২৯ জুন রাতে নতুনবাজার মরকখোলার পুল এলাকায় একটি রেস্টুরেন্টে হামলার অভিযোগ ওঠে বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। হামলার শিকার দুই নারী অভিযোগ করেন, এ সময় রেস্টুরেন্টের ক্যাশবাক্স থেকে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাদের ওপর হামলা চালানো হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। বুধবার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, রেস্টুরেন্টে খাবারের অতিরিক্ত মূল্য নেওয়ার প্রতিবাদ করলে তাদের এক কর্মীকে মারধর করা হয়। তিনি রেস্টুরেন্টে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন।