নিজস্ব প্রতিবেদক: জ্যোতির্বৈজ্ঞানিক গণনার ভিত্তিতে ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাতার। কাতার ক্যালেন্ডার হাউসের দেওয়া এই হিসাব অনুযায়ী, আগামী ২৭ মে (বুধবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
কাতার ক্যালেন্ডার হাউসের নির্বাহী পরিচালক ড. ফয়সাল আল-আনসারি জানিয়েছেন, ১৪৪৭ হিজরি সালের জিলহজ মাস শুরু হতে পারে আগামী ১৮ মে (সোমবার)। সেই হিসাব অনুযায়ী কোরবানির ঈদ পড়তে পারে ২৭ মে (বুধবার)।
বিশেষজ্ঞদের মতে, নতুন চাঁদ ১৬ মে (শনিবার) সন্ধ্যায় জন্ম নিলেও সূর্যাস্তের আগে তা দেখা সম্ভব নয়। দোহা সময় অনুযায়ী ওই দিন রাত ১১টা ২ মিনিটে চাঁদের জন্ম হবে, যা সূর্যাস্তের অনেক পরে।
ফলে কাতারসহ অধিকাংশ আরব ও মুসলিম দেশে ১৮ মে-কে জিলহজ মাসের প্রথম দিন হিসেবে ধরা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ২৭ মে (বুধবার) কোরবানির ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে।
তবে ইসলামিক রীতি অনুযায়ী ঈদের তারিখ চূড়ান্তভাবে নির্ধারিত হবে চাঁদ দেখার ভিত্তিতে। তাই সংশ্লিষ্ট দেশগুলোর ধর্মীয় কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী চূড়ান্ত তারিখে পরিবর্তন হতে পারে।