নিজস্ব প্রতিবেদক, ঢাকা: এবার পহেলা বৈশাখে শোভাযাত্রার নাম ‘মঙ্গল’ বা ‘আনন্দ’ নয়, বরং ‘বৈশাখী শোভাযাত্রা’ নামে উদযাপন করা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে বাংলা নববর্ষ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
মন্ত্রী জানান, বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করেছে। জাতীয় উৎসব হিসেবে নববর্ষ উদযাপনকে আরও বিস্তৃত করতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আয়োজন করা হচ্ছে।
কর্মসূচির মধ্যে রয়েছে—রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণীসহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর চারুকলা অনুষদের উদ্যোগে শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ছায়ানট-এর বর্ষবরণ আয়োজন এবং দেশব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম।
এছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা, সরকারি-বেসরকারি গণমাধ্যমে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার, জেলা-উপজেলায় বৈশাখী র্যালি, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি ও বিসিক-এর উদ্যোগে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, কারাগার, হাসপাতাল ও শিশু পরিবারেও বিশেষ খাবার পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে।
সভায় জানানো হয়, এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় দেশবাসীকে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।