নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তিনি মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের প্রতি সমবেদনা জানান। এ সময় কিছুক্ষণ সেখানে অবস্থান করে তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
শোকাহত পরিবারের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আনোয়ার হোসেন মানিক ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা। তার মৃত্যুতে জাতীয়তাবাদী আদর্শের যে ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। আমরা একজন দক্ষ সংগঠককে হারালাম।”
তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের জন্য দোয়া করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুমের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করেন।