বাবুগঞ্জ-মুলাদীকে আদর্শ জনপদে রূপান্তর করতে চান ব্যারিস্টার ফুয়াদ - বরিশাল সংবাদ
- প্রকাশের সময়: 03:55:48 am, Friday, 12 September 2025
- / 624 Time View

আমার বাংলাদেশ (এবি) পাটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, বরিশালের বাবুগঞ্জ-মুলাদীকে একটি আদর্শ জনপদে রূপান্তর করতে চাই। দীর্ঘ ১৭ বছরে বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দায়সারা কাজ করায় উন্নয়ন কিছুই হয়নি।
দুই উপজেলাকে জনপদে রূপান্তরে উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ফুয়াদ। বৃহস্পতিবার দুপুর ৪টার দিকে বাবুগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন হয়।
সংবাদ সম্মেলনে তিনি বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) উপজেলার উন্নয়নমূলক কাজ নিয়ে তার চিন্তাধারা ও কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বরিশাল জেলা ও মহানগর এবি পার্টির যুগ্ম আহ্বায়ক সুজন তালুকদার, সদস্য সচিব জিএম রাব্বী, যুগ্ম সদস্য সচিব ডা. তানভীর আহমেদ, সদস্য মো. হায়দার ভূঁইয়া, মো. নাঈম ভূঁইয়া প্রমুখ।
সংবাদ সম্মেলনে ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, অন্তর্বর্তী সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আগামী ডিসেম্বর মাসে মীরগঞ্জ ব্রিজের কাজ শুরু করার আশ্বাস দিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে সাক্ষাৎ করে বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী ) এলাকার বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজের জন্য সাহায্য ও সহযোগিতা চাওয়া হয়েছে। বাবুগঞ্জ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাস্তা কালভার্ট, মসজিদ সংস্কারের কাজ জন্য আবেদন করেছিলাম জুন মাসে। যেগুলোর কার্যাদেশ এখনো বিবেচনাধীন- দ্রুতই কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেন ব্যারিস্টার ফুয়াদ।


























