স্টাফ রিপোর্টার, বরিশাল: দীর্ঘ ৫৯৯ দিন কার্যক্রম স্থগিত থাকার পর বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর স্থানীয় শাখার উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে বাবুগঞ্জ উপজেলার কলেজ গেট এলাকায় দলীয় কার্যালয়ের সামনে কয়েকজন নেতাকর্মী জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি ব্যানার টানানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মুখে মাস্ক পরিহিত পাঁচ থেকে ছয়জন নেতাকর্মী সংক্ষিপ্ত সময় অবস্থান করে কর্মসূচি শেষ করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নেতা জানান, ভবিষ্যতে দলীয় কার্যক্রমে নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশ নেবেন এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করলে কার্যালয়টি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং এরপর কোনো কার্যক্রম পরিচালিত হয়নি।
তবে এ বিষয়ে বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ এহতেশামুল ইসলাম বলেন, কার্যালয়ে পতাকা উত্তোলন বা ব্যানার টানানোর বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। বর্তমানে কার্যালয়টি পরিত্যক্ত অবস্থায় রয়েছে বলেও জানান তিনি।