
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মহানগরীর এয়ারপোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ জহিরুল সিকদার (৫২) নামে এক কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (১৭ মে) বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশের একটি দল রায়পাশা-কড়াপুর এলাকায় অভিযান চালায়। এ সময় জহিরুল সিকদারের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জহিরুল সিকদার বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি ১ নম্বর রায়পাশা-কড়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার বাবু সিকদারের চাচাতো ভাই।
বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃতকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।