আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ মাংস সরবরাহ নিশ্চিত করতে বরিশাল বিভাগ-এর সব জেলা ও উপজেলায় পশু ও মৎস্য খাদ্যের দোকানে মোবাইল কোর্ট অভিযান শুরু করেছে বিভাগীয় প্রশাসন।
ইতোমধ্যে বিভাগের বিভিন্ন পশু খাদ্যের দোকানে অভিযান চালিয়ে জেল, জরিমানা ও অর্থদণ্ড করা হয়েছে। ঈদের আগ পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার বরিশাল জেলা-তে ৯টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ১৩টি মামলা দায়ের করা হয়। বিভিন্ন অনিয়মের দায়ে ২৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ছয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়।
এ ছাড়া পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা এবং পিরোজপুর জেলাতেও মোবাইল কোর্ট পরিচালনা করে অর্থদণ্ড, জেল ও জরিমানা করা হয়েছে বলে জানা গেছে।
বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ জানান, ঈদের আগে অনেক খামারি পশু মোটাতাজাকরণের জন্য বিভিন্ন দোকান থেকে অনিরাপদ খাদ্য ক্রয় করেন। এতে পশু দ্রুত মোটাতাজা হলেও সেই পশুর মাংস মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে।
তিনি বলেন, এ বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১০ মে থেকে বরিশাল বিভাগের সব জেলায় পশু খাদ্যের দোকানে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।
https://slotbet.online/