বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর আমানতগঞ্জ ফাঁড়ি পুলিশের নিয়মিত চেকপোস্ট অভিযানে চার কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নগরীর হাটখোলা সিলভার পট্টি এলাকার সামনে স্থাপিত চেকপোস্টে তল্লাশির সময় তাকে আটক করা হয়। আটক যুবকের নাম রাসেদুল মৃধা (২৪)। তিনি পটুয়াখালী জেলার আমতলী উপজেলার সোনাখালী আমড়াগাছিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্র জানায়, চেকপোস্টে সন্দেহভাজন হিসেবে তাকে তল্লাশি করলে সঙ্গে থাকা ব্যাগ থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাসেদুল মৃধা মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জব্দকৃত মাদকসহ আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ আরও জানায়, নগরীতে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।