নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কাউনিয়া থানার বিশেষ অভিযানে ২৭১ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় একাধিক মাদক মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমন হাওলাদার ওরফে মান্না সুমন কৌশলে পালিয়ে যায়।
বিএমপি মিডিয়া সেল সূত্রে জানা গেছে, শনিবার (১৬ মে) দুপুর ২টা ১৫ মিনিটে কাউনিয়া থানার এসআই মো. সাইফুল্লাহর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানাধীন পলাশপুর-মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানে আটককৃতরা হলেন— মো. নুরু মিয়া ওরফে রুহুল আমিন (৩০), মোসা. সোহাগী (২৭), মোসা. কমলা বেগম (৪১) এবং মোসা. জুঁই আক্তার ওরফে জুলি (২৭)। এ ঘটনায় পলাতক রয়েছেন সুমন হাওলাদার ওরফে মান্না সুমন (৪০)।
পুলিশ জানায়, আটককৃতদের হেফাজত থেকে মোট ২৭১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে অভিযানের বিষয়টি টের পেয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্না সুমন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনজিত চন্দ্র নাথ জানান, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউনিয়া থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, পলাতক আসামি সুমন হাওলাদার ওরফে মান্না সুমনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।