নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে চাঁদা না পেয়ে এক পল্লী চিকিৎসকের ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল সভাপতি জিয়া সরদারের বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘নাহার মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দোকানের ক্যাশে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
ভুক্তভোগী নাছির উদ্দিন মিলন জানান, গত প্রায় দুই বছরে বিভিন্ন সময়ে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত একাধিকবার তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছে। সর্বশেষ চাঁদার দাবিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধরের শিকার হতে হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে রাত ৯টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
তবে অভিযোগ অস্বীকার করে জিয়া সরদার বলেন, ভুল চিকিৎসার কারণে এক রোগী গুরুতর অসুস্থ হয়ে পড়ায় ক্ষতিপূরণ দাবি করা হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার অভিযোগ আনা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।