
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে যুবক মাহবুব আলম বাবু রাড়ী (২৯) হত্যা মামলার প্রধান আসামি মো. বজলুর রশিদ বয়াতীকে (৩৮) গ্রেফতার করেছে র্যাব।
রোববার (৫ জুলাই) র্যাব-৮ বরিশালের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে র্যাব-৮ ও র্যাব-১০ সদর কোম্পানির যৌথ অভিযানে ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানার হরিচরণ রায় সড়ক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বজলুর রশিদ বয়াতী মেহেন্দিগঞ্জ উপজেলার সাদেকপুর এলাকার আব্দুর রাজ্জাক বয়াতীর ছেলে। নিহত মাহবুব আলম বাবু রাড়ী একই উপজেলার সদর ইউনিয়নের সাদেকপুর গ্রামের দুলাল রাড়ীর ছেলে।
র্যাব জানায়, জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ জুন সন্ধ্যায় চুনারচর এলাকার আক্তার পোদ্দারের দোকানের সামনে পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে মাহবুবের ওপর হামলা চালায় বজলুর রশিদ বয়াতীসহ কয়েকজন। হামলাকারীরা লোহার রড, হাতুড়ি ও কাঠের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেন্দিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এবং অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুন ভোরে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাব জানিয়েছে, গ্রেফতার প্রধান আসামি বজলুর রশিদ বয়াতীকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে একই হত্যা মামলার অপর আসামি জাহাঙ্গীর হোসেনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়।