স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালে মেহেন্দীগঞ্জ উপজেলায় মোটরসাইকেল চুরির মামলায় ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। গ্রেপ্তার হওয়া ওই নেতার নাম জিহাদুল ইসলাম খান। তিনি বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাত ৯টার দিকে পৌর এলাকার বদরপুরে সোহেল তালুকদারের বাড়ির আঙিনায় একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। মোটরসাইকেলটির মালিক তানভির ইসলাম।
রাত প্রায় ১টার দিকে মোটরসাইকেলটি নিয়ে পালানোর সময় টহল পুলিশের নজরে পড়েন জিহাদুল ইসলাম। তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। পরে মোটরসাইকেলের মালিককে ডেকে এনে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ ঘটনায় রোববার সকালে মামলা দায়ের করা হয়। পরে পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, অভিযুক্তকে মোটরসাইকেলসহ হাতেনাতে আটক করা হয়েছে।
মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বলেন,
“ধারদেনা করে মোটরসাইকেলটি কিনেছি। ভাড়ায় চালিয়েই সংসার চলে। এটি চুরি হয়ে গেলে বড় ক্ষতির মুখে পড়তে হতো।”
মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ ছিল। দলীয়ভাবেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।