সাদ্দাম হোসেন: বরিশালের বানারীপাড়া উপজেলায় ভোজ্য তেল মজুত ও বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় দুই ব্যবসায়ীকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে বানারীপাড়া পৌর শহরের বন্দরে উপজেলা প্রশাসন, র্যাব ও পুলিশ সদস্যদের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে ২ হাজার ৬০০ লিটার ভোজ্য তেল সংরক্ষণের দায়ে ব্যবসায়ী মো. ইদ্রিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া পরান সাহা স্টোরে ৮ হাজার ১৬০ লিটার সয়াবিন ও পামওয়েল মজুত রাখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব জানান, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি, পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।