নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে এক বিধবা বৃদ্ধাকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে চাঁদা দাবির অভিযোগে দুই ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ভুক্তভোগী নারী বাদী হয়ে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন -এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত চরলক্ষ্মীপুর গ্রামের হালিম ব্যাপারী (৬০) দীর্ঘদিন ধরে ওই বৃদ্ধাকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। বিষয়টি স্থানীয়ভাবে জানানো হলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে গত ২২ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে হালিম ব্যাপারী ও মাসুদ খন্দকার (৪০) কৌশলে ওই বৃদ্ধার ঘরে প্রবেশ করে।
অভিযোগে বলা হয়, প্রথমে হালিম ব্যাপারী ভুক্তভোগীকে ধর্ষণ করেন এবং মাসুদ খন্দকার ঘটনাটি ভিডিও ধারণ করেন। পরে মাসুদ খন্দকারও ধর্ষণে অংশ নেন। পরবর্তীতে ওই ভিডিও দেখিয়ে তারা দুই লাখ টাকা দাবি করে এবং টাকা না দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।
ভুক্তভোগী স্থানীয়ভাবে বিচার না পেয়ে শেষ পর্যন্ত আদালতের শরণাপন্ন হন।
তবে অভিযুক্ত হালিম ব্যাপারী অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, মাসুদ খন্দকার ভিডিও ধারণ করলেও ধর্ষণের ঘটনা ঘটেনি।
ওসি খন্দকার মো. সোহেল রানা জানান, এ ঘটনায় থানায় পূর্বে অভিযোগ করা হয়েছিল এবং প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। আদালতের নির্দেশনা পেলে অভিযুক্তদের গ্রেপ্তারসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।