স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশাল নগরীতে গণধোলাইয়ের শিকার হয়েছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বাতেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেন স্থানীয়রা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আব্দুল বাতেন সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এবং জাতীয় শ্রমিক লীগের বরিশাল মহানগর শাখার সদস্য ছিলেন। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ক্ষমতাকালে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ে চাকরি পান এবং সেই সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে সহকর্মী ও স্থানীয়দের হয়রানি করতেন।
এ ঘটনার জের ধরে সোমবার দুপুরে কিছু শিক্ষার্থী ও স্থানীয়রা তাকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় অবরুদ্ধ করে। এ সময় তারা ‘ফ্যাসিস্ট মুক্ত বাসস্ট্যান্ড চাই’ স্লোগান দিতে দিতে তাকে মারধর করে।
পরবর্তীতে স্থানীয়রা তাকে পুলিশের কাছে হস্তান্তর করে।
এ বিষয়ে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম জানান, স্থানীয়রা অভিযুক্তকে থানায় নিয়ে আসে। পরে পুলিশ তাকে আটক করে।
তিনি আরও জানান, এর আগেও মোহাম্মদ আব্দুল বাতেন একটি চুরি মামলায় গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে জমিজমা সংক্রান্ত বিরোধও রয়েছে। বর্তমানে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।