বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে প্রেমিকাকে বাড়িতে ডেকে এনে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। বৃহস্পতিবার (তারিখ) দুপুরে নগরের মুনসি গ্যারেজ এলাকার একটি বাসা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে।
নিহত সানজিদা কবির অনিতা (২১) বরিশাল বিএম কলেজের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। অভিযুক্ত মইনুল ইসলাম হিমু (৩০) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা সানজিদা তার মায়ের সঙ্গে বরিশাল নগরের মুনসি গ্যারেজ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। একই এলাকায় বসবাসের সুবাদে ঝালকাঠির বাসিন্দা মইনুল ইসলামের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
নিহতের মামা মিশু সিকদার জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বড় বোনের বাসায় যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন সানজিদা। পরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে ট্র্যাকিংয়ের মাধ্যমে ওই বাসার অবস্থান শনাক্ত করা হয়। সেখানে গিয়ে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত মইনুল ইসলাম এর আগেও ঝালকাঠিতে এক প্রেমিকাকে হত্যার ঘটনায় জড়িত এবং ওই মামলাটি বর্তমানে বিচারাধীন। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
অভিযুক্তের মা জাহানারা বেগম বলেন, তার ছেলের সঙ্গে সানজিদার প্রেমের সম্পর্ক ছিল এবং সেদিন সকালে সানজিদা তাদের বাসায় আসে। পরে তিনি মইনুলের কক্ষে সানজিদার মরদেহ দেখতে পান। এরপর মইনুল বাসা থেকে পালিয়ে যায়।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। ফরেনসিক দলের প্রাথমিক ধারণা, শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।