স্টাফ রিপোর্টার, বরিশাল: বরিশালের আগৈলঝাড়ায় পুলিশকে ম্যানেজ করার কথা বলে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে ৩৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দল নেতাসহ তিনজনের বিরুদ্ধে।
বুধবার (১১ মার্চ) রাতে এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
স্থানীয় ও প্রবাসীর পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের এক দুবাই প্রবাসীর স্ত্রীর সঙ্গে সৌরভ দেওয়ান নামে এক ব্যক্তির পরকীয়া সম্পর্ক ছিল। এ নিয়ে এলাকায় একাধিকবার সালিশও বসে। সম্প্রতি ওই প্রবাসীর স্ত্রী সুমন নামের এক ব্যক্তির সঙ্গে ভিডিও কলে কথা বলেন। এ ঘটনায় গত ৬ মার্চ রাতে সৌরভ দেওয়ান ওই নারীর মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরে সেই ফোন থেকে প্রবাসীর স্ত্রীর কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী নারী অভিযোগ করে বলেন, বিষয়টি এলাকায় জানাজানি হলে বুধবার রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনে যায়। এরপর পুলিশকে ম্যানেজ করার কথা বলে ওই রাতে স্বেচ্ছাসেবক দল নেতা অলি তালুকদার ১০ হাজার টাকা, হামিদুল দেওয়ান ২০ হাজার টাকা এবং লুৎফর তালুকদার ৫ হাজার টাকা—মোট ৩৫ হাজার টাকা নেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা অলি তালুকদার ও স্থানীয় হামিদুল দেওয়ান বলেন, ওই গৃহবধূর পরিবারের কাছ থেকে তারা কোনো টাকা নেননি। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, ঘটনাটি জানার পর এসআই মনিরুজ্জামান, তুলসী সেন ও সৌমেন বিশ্বাসকে বুধবার সন্ধ্যায় ঘটনাস্থলে পাঠানো হয়। তারা কোনো লেনদেন করেছেন কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, আমরা কোনো টাকা পাইনি বা নেইনি।