বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীতে ফাঁকা সড়কের পাশে ব্যানার টাঙিয়ে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদযাপন করছিলেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিছু কর্মী। তবে খবর পেয়ে প্রতিপক্ষের নেতাকর্মীরা ঘটনাস্থলের দিকে এগিয়ে আসলে কেক ও ব্যানার ফেলে দ্রুত সেখান থেকে পালিয়ে যান তারা।
মঙ্গলবার (১৭ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে নগরীর ২৭ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোডের কুদঘাটার মোল্লাবাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাতের আঁধারে সড়কের পাশে ছোট পরিসরে জন্মদিনের আয়োজন করা হয়। সেখানে ‘আমরা সবাই মুজিব সেনা’ স্লোগান দিয়ে ব্যানার টাঙিয়ে কেক কাটার প্রস্তুতি চলছিল। এ সময় খবর পেয়ে বিএনপির একদল নেতাকর্মী মোটরসাইকেলযোগে সেখানে পৌঁছান। তাদের উপস্থিতি টের পেয়ে আয়োজকরা তড়িঘড়ি করে স্থান ত্যাগ করেন।
ঘটনাস্থলে পড়ে থাকে একটি কেক ও একটি ব্যানার। পরে স্থানীয়রা কেকটি নিজেদের মধ্যে ভাগ করে নেন বলে জানা গেছে।
এদিকে ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনার এলাকায় ব্যানার টাঙিয়ে ইফতার মাহফিলের আরেকটি ভিডিওও অনলাইনে ঘুরে বেড়াচ্ছে। তবে ওই ভিডিওর সুনির্দিষ্ট স্থান শনাক্ত করা যায়নি।
২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক নাসির উদ্দীন হাওলাদার বলেন, “আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়। কেক ও ব্যানার ফেলে রেখে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি কেক ও একটি ব্যানার জব্দ করে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক দেব সরকার জানান, ৯৯৯ নম্বরে কল পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে আলামত জব্দ করেছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।