রাকিব সুমন,বরিশাল: বরিশাল নগরীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাতকরণের উদ্দেশ্যে মজুত রাখা বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কাজিপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি গোডাউন থেকে ২৩ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৩ লাখ ৮৬ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।
কোস্ট গার্ড স্টেশন বরিশাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়। সংশ্লিষ্টরা জানান, শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে এগুলো মজুত করা হয়েছিল।
জব্দকৃত সিগারেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর, বরিশালের কাছে হস্তান্তর করা হয়েছে।
কোস্ট গার্ড জানিয়েছে, এ ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে চোরাচালান রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।