নিজস্ব প্রতিবেদক: বরিশাল সদর উপজেলায় ঘরে কেরোসিন ছিটিয়ে আগুন লাগিয়ে কৃষকদল নেতাকে সপরিবারে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। তবে সময়মতো টের পেয়ে যাওয়ায় শিশুসহ পরিবারের সাত সদস্য প্রাণে রক্ষা পেয়েছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাত ২টার দিকে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের সাহেবের হাট এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বরিশাল সদর উপজেলা কৃষকদলের সভাপতি মারুফ আহমেদ নান্না অভিযোগ করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা তার ঘরে আগুন দিয়ে সপরিবারে হত্যার চেষ্টা করেছে।
তিনি জানান, ঘটনার সময় বাড়িতে তিনি, তার স্ত্রী, তিন বছর বয়সী কন্যা, ছোট ভাই আসাদ আহমেদ উজ্জ্বল, তার স্ত্রী ও তাদের দুই সন্তানসহ মোট সাতজন ঘুমিয়ে ছিলেন। রাত ২টার দিকে কেরোসিনের গন্ধে ঘুম ভেঙে গেলে তিনি দেখতে পান ঘরের এক কোণে বাইরে থেকে আগুন জ্বলছে।
নান্না বলেন, ‘চিৎকার করে বাইরে বের হতে গেলে দেখি ঘরের সব দরজা বাইরে থেকে রশি দিয়ে বাঁধা। পরে টিনের বেড়া ভেঙে আমরা কোনোমতে বাইরে বের হয়ে প্রাণে বাঁচি।’
তিনি আরও দাবি করেন, ঘরের চারপাশে কেরোসিন ছিটানো ছিল এবং ঘটনার সময় দুইজনকে পালিয়ে যেতে দেখেছেন। জমি নিয়ে স্থানীয় বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে বলে তার ধারণা।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল জানান, ঘটনাস্থল থেকে কেরোসিনের বোতলসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।