নিজস্ব প্রতিবেদক: বরিশালে প্রকাশ্যে ঈদ উৎসব পালনকে ঘিরে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে নগরীতে মহানগর আওয়ামী লীগের ব্যানারে শতাধিক নেতাকর্মী এ কর্মসূচি পালন করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দীর্ঘদিন নীরব থাকার পর রমজান মাসে একাধিক কর্মসূচির মাধ্যমে দলটির নেতাকর্মীরা আবারও প্রকাশ্যে সক্রিয় হওয়ার ইঙ্গিত দেন। এর আগে রমজান মাসে মহানগর আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে কয়েকটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার আয়োজিত ঈদ উৎসবের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নগরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, নগরীর ত্রিশ গোডাউন এলাকার নদীর তীরে ব্যানার টানিয়ে আয়োজন করা হয় ভোজের। সেখানে অংশ নেওয়া নেতাকর্মীদের মধ্যে সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং বিভিন্ন স্লোগান দিতেও দেখা যায়।
একাধিক সূত্রে জানা গেছে, মহানগর ছাত্রলীগের সাবেক কয়েকজন নেতাকর্মী এ আয়োজনের সঙ্গে জড়িত ছিলেন। তাদের মধ্যে দপ্তরখানা এলাকার নিলয় আহমেদ রাব্বি, ভাটারখালের সুমন ও আলমগীর হোসেনের ছেলে রুবেল, ইছাকাঠী কলনীর মিজানুর রহমান সাজিদসহ আরও কয়েকজনের নাম আলোচনায় এসেছে।
এদিকে, এর আগের দিন স্বাধীনতা দিবসেও পৃথকভাবে কিছু কর্মসূচি পালন করেছেন জেলা ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের একটি অংশ।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন ইসলাম বলেন, “বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।”
ঘটনাটি ঘিরে নগরবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।