বরিশালে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদ: ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
- প্রকাশের সময়: 11:03:18 pm, Wednesday, 22 April 2026
- / 361 Time View

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার মজুদের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বুধবার (২২ এপ্রিল) রাতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স (এনএসআই)-এর গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের মলুহার গ্রামের একটি মাদ্রাসার নিচতলায় এ অভিযান চালানো হয়।
অভিযানে দেখা যায়, বৈঠাকাটা বাজারের ডিলার মোঃ আমান নিয়মবহির্ভূতভাবে সেখানে একটি দোকান স্থাপন করে বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার মজুদ করে আসছিলেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর প্রশাসন তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জি. এম. এ. মুনীব। এ সময় অভিযুক্ত মোঃ আমান (পিতা: মৃত আবদুর রাজ্জাক)-কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। স্থানীয় বাসিন্দারাও অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মজুদ বন্ধে নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

























