মুলাদী প্রতিনিধি: বরিশালের মুলাদী উপজেলায় পারভেজ হাওলাদার (৩৫) নামের এক যুবলীগ কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (তারিখ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাজিরচর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তাঁর মৃত্যু হয়েছে।
পারভেজ হাওলাদার কাজিরচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও আব্দুর রহিম হাওলাদারের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের একজন সক্রিয় কর্মী ছিলেন।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বাবা-মায়ের বিচ্ছেদের পর পারভেজ নিজ বাড়িতে একাই বসবাস করতেন। কয়েকদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ না হওয়ায় মা হোসনেয়ারা বেগম বৃহস্পতিবার সকালে বাড়িতে গিয়ে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ পান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ছেলের ঝুলন্ত মরদেহ দেখতে পান এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
পরিবারের সদস্যরা জানান, পারিবারিক কলহের জেরে কয়েক মাস আগে তাঁর স্ত্রী দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই পারভেজ মানসিকভাবে ভেঙে পড়েন। এক মাস আগে তিনি ঘরের কিছু আসবাবপত্র পুড়িয়ে দেন বলেও জানা গেছে।
উপজেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউদ্দীন মনির বলেন, পারভেজ কিছুদিন ধরে পারিবারিক ও আর্থিক সমস্যায় ভুগছিলেন এবং মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, মরদেহ উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।